জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ও কর্মরত ভোটারদের জন্য ডাকযোগে ভোট গ্রহণের প্রস্তুতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: কুমিল্লার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার ১ লাখ ১১ হাজার ৫৫০
- আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এসব পোস্টাল ভোটারের মধ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে পোস্টাল ভোটার ৮ হাজার ৫৯৯ জন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ৭ হাজার ২৯০ জন এবং কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ হাজার ৪৯৮ জন ভোটার নিবন্ধন করেছেন।
এছাড়া কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ হাজার ১০৫ জন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১২ হাজার ৩৩০ জন, কুমিল্লা-৬ (আদর্শ সদর-সিটি করপোরেশন-সদর দক্ষিণ) আসনে ১১ হাজার ৯১৬ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পোস্টাল ভোটার সংখ্যা ৫ হাজার ৭২২ জন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৮ হাজার ৪৪৮ জন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ হাজার ১৬৩ জন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে সর্বাধিক ১৩ হাজার ৯৩৮ জন এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১২ হাজার ৫৪১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, নিবন্ধিত পোস্টাল ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আলাদা ব্যালট পেপার পাঠানো হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট ফেরত পাঠাতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন তিনি।














