রাতের আঁধারে ট্রলারে করে গরু নিয়ে পালাল চোরেরা, এলাকায় আতঙ্ক
রাঙ্গাবালীর চরবেষ্টিনে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি, থানায় জিডির প্রস্তুতি
- আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ মোল্লা | রাঙ্গাবালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় জসিম হাং ঘাটের পাশে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র গরুগুলো চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী রতন জানান, গত রাত আনুমানিক ৩টার দিকে তিনি ও পরিবারের সদস্যরা ট্রলারের শব্দ শুনে সন্দেহ করেন। ঘর থেকে বের হয়ে দেখতে পান, চোরেরা একটি ট্রলারে করে গোয়ালঘর থেকে চারটি গরু নিয়ে দ্রুত সরে যাচ্ছে। এ সময় তারা কিছু বুঝে ওঠার আগেই চোরেরা নদীপথে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রতন।
এলাকাবাসীর দাবি, সম্প্রতি চরাঞ্চলে গরু চুরি বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।






















