ছয় জেলায় ১৮টি এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী: ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৪ হাজার কম্বল বিতরণ
- আপডেট সময় : ১০:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লাসহ ছয় জেলার শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় গত ৯ জানুয়ারি থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ছয় জেলার মোট ১৮টি এলাকায় প্রায় চার হাজার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কুমিল্লা জেলার দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের আওতায় মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন, মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতেও কম্বল বিতরণ করা হয়।
কুমিল্লার পাশাপাশি নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর উপজেলার শীতার্ত মানুষের মাঝেও এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই সময়ে কম্বল পেয়ে তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।






















