ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বয়ের আহ্বান
কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান বিপুল |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তাদির, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া এবং কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী।
গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হাসিবুর রহমান হাসিব, মোঃ ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করবে।
এ সময় নির্বাচনকালীন সাংবাদিকদের দায়িত্ব ও কর্মপরিধি, সাংবাদিক পরিচয়পত্র, যানবাহনের (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার সংগ্রহসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।














