সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল
জামপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আপসহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জামপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী ভূমিকা বিএনপির রাজনীতির মূল শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে চাঁদাবাজি ও দখলবাজির কোনো স্থান নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুছা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা মো. মোহন ভূঁইয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, অ্যাডভোকেট রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সোনারগাঁ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।






















