ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ প্রাণ গেল চারজনের
কুমিল্লায় বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজনের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সুজন চন্দ্র দাস | দাউদকান্দি,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














