গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পুলিশের অভিযান, সীমান্ত দিয়ে আসা চোরাচালানকৃত কাপড় উদ্ধার
নাগেশ্বরীতে ২৪৮ পিস ভারতীয় কাপড়সহ ৩টি অটোরিকশা জব্দ,আটক ৩
- আপডেট সময় : ০৮:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া হোসেন | কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪৮ পিস চোরাচালানকৃত ভারতীয় কাপড়সহ তিনটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভিতরবন্দ এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ভারতীয় কাপড় বহনকালে তিনটি অটোরিকশা আটক করা হয়। পরে সেগুলো থেকে ২৪৮ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কাপড় জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত কাপড়গুলো কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাখিউড়া গ্রাম দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, কাপড়ের চালানটি নাগেশ্বরীর চোরাকারবারি ও কাপড় ব্যবসায়ী বেলাল ও রাসেল এবং কচাকাটা থানাধীন মাদারগঞ্জ এলাকার চোরাকারবারি আবুল হোসেনের।
এদিকে চালান আটকের খবর পেয়ে নদীপথে আরও দুই নৌকা বোঝাই ভারতীয় কাপড় নিয়ে অন্য চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।






















