অপহরণ মামলার তিন বছর, ডিএনএ পরীক্ষার ফলও অজানা—উৎকণ্ঠায় পরিবার
তিন বছরেও সন্ধান নেই সাবেক অতিরিক্ত আইজিপির ভগ্নিপতি ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের
- আপডেট সময় : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

তিন বছর পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নজরুল ইসলামের। তিনি সাবেক অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলামের ভগ্নিপতি। ২০২২ সালের ৭ জানুয়ারি রাজধানীর শনির আখড়া থেকে নিখোঁজ হওয়ার পর আজও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী রুবিনা নজরুল উত্তরখান থানায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম তদন্ত করছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
পরিবারের পক্ষ থেকে দেশের প্রতিটি থানায় নিখোঁজ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এমনকি বোনের ডিএনএ পরীক্ষাও নেওয়া হয়েছে। তবুও প্রায় তিন বছর পেরিয়ে গেলেও কোনো ফলাফল পাওয়া যায়নি।
নজরুল ইসলাম বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ শনির আখড়ায় বসবাস করতেন। রুবিনা-নজরুল দম্পতির দুই সন্তান রয়েছে—একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অপরজন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী।
নজরুল ইসলামের ভাই কৃষিবিদ সাইদুর রহমান জানান, ডিবি, র্যাব ও পুলিশের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর বোন মঞ্জু আক্তার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানসহ সব ধরনের আইনি ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
আরেক বোন কামরুন নাহার বলেন, ভাই বেঁচে আছেন কি না, কোথায় আছেন—এই অনিশ্চয়তায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
পুলিশ জানায়, মামলার তদন্ত ও অনুসন্ধান অব্যাহত থাকলেও এখনো নিখোঁজ ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি।














