দেশনায়কের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
দেশনায়ক বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনায়ক বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নিজ বাসভবন, ভোগনগড় ইউনিয়নের ভাবকী গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনায়ক বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার ত্যাগ, নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বারবার নির্যাতনের শিকার হলেও কখনো মাথা নত করেননি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে। বর্তমান দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।














