সুন্দরগঞ্জে মনোনয়ন দাখিল, অবাধ নির্বাচনের প্রত্যাশা জাতীয় পার্টির
গাইবান্ধা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
- আপডেট সময় : ১০:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম | সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লার কাছেও মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, রামজীবন ইউনিয়ন সভাপতি এ টি এম এনামুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোসলেম আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রায় দুই হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সুন্দরগঞ্জে নির্বাচনী উৎসবের আবহ তৈরি হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রয়েছে। জাতীয় পার্টি নির্বাচন কমিশনের সব কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তাদের সেই প্রত্যাশা ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস থেকেই আমরা নির্বাচনের মাঠে নেমেছি। তবে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে জাতীয় পার্টি তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।














