হলুদ ফুলে ঢেকে গেছে মাঠ, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের প্রত্যাশা
আদিতমারীজুড়ে দোল খাচ্ছে সরিষার ফুল, বাম্পার ফলনের আশা কৃষকদের
- আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলাজুড়ে এখন দৃষ্টিনন্দন হলুদ রঙে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। চারদিকে তাকালেই চোখে পড়ে দোল খাচ্ছে সরিষার ফুল, আর তার সঙ্গে মৌমাছির গুঞ্জন যেন প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সরিষার ফুলের মিষ্টি গন্ধ ও হলুদ রঙে মুগ্ধ হচ্ছেন পথচারী ও দর্শনার্থীরা।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মাঠগুলোতে সরিষার ফুলের সমারোহ চোখে পড়ার মতো। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে আদিতমারী উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কৃষকরা।
মহিষতুলী এলাকার কৃষক বাবু মিয়া (৩৫) জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় প্রতি বছর বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ পাওয়া যায়। তিনি বলেন, “৪০ শতাংশ জমিতে সরিষা চাষ করি। কম খরচে ভালো ফলন পাওয়া যায়। বিঘাপ্রতি ৫ থেকে ৬ মণ সরিষা হয়। মোট খরচ পড়ে ৪ থেকে ৫ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ সরিষা ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।”
আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জমসের আলী (৫২) বলেন, “আগের তুলনায় সরিষা চাষের জমি কিছুটা কমলেও ফলন ভালো হচ্ছে। দামও কৃষকরা ভালো পাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।”
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের সঙ্গে কাজ করছেন। ফলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে সরিষার উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।














