ভেলাবাড়ি ইউনিয়নের দুলালী কাছারি ও বারো ঘড়ি এলাকায় ২০০ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব
আদিতমারীতে ছমীর মেম্বারের নিজ অর্থায়নে ২.৫ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
- আপডেট সময় : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাধারণ মানুষের চলাচল সুবিধার জন্য নিজ অর্থায়নে ২.৫ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ছমীর উদ্দিন। বুধবার আদিতমারী উপজেলার ২ নং ভেলাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুলালী কাছারি ও বারো ঘড়ি এলাকায় এ রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হয়।
জানা গেছে, ভেলাবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ ছমীর উদ্দিন ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তাটি পূরণ ও সংস্কার করেন। এ রাস্তাটি দিয়ে প্রায় ২০০ মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত সরু ও ভাঙাচোরা থাকায় সাধারণ মানুষ, গরু-ছাগলসহ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, বর্ষাকালে এই রাস্তায় মানুষ চলাচল করতে গিয়ে বিপদের মুখে পড়ত। ছমীর মেম্বার নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেওয়ায় এখন প্রায় ২০০ মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে। এজন্য আমরা তার জন্য দোয়া করি।
আরেক বাসিন্দা মোঃ শরিফ উদ্দিন বলেন, বর্তমান মেম্বার কোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজ অর্থায়নে আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ ছমীর উদ্দিন বলেন, আল্লাহ যদি রহমত করেন, সামনে দুটি কালভার্ট নির্মাণ ও শীত মৌসুমে কম্বল বিতরণের পরিকল্পনা রয়েছে। আমি সবসময় গরিব-দুঃখী ও সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই। নির্বাচনের পর সরকার গঠিত হলে কাঁচা রাস্তাগুলো পাকা করার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।














