গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে তিলাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার
ভূরুঙ্গামারীতে ‘ডেভিল হান্ট সিজন–২’ অভিযানে ফ্যাসিস্ট নেতা নজরুল ইসলাম গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম|ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ডেভিল হান্ট সিজন–২’ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর খন্দকার ও মৃত জোহরা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ নজরুল ইসলাম রাজনৈতিকভাবে ৩ নম্বর তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন,“নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
স্থানীয়ভাবে এ গ্রেফতারের ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।














