ঋণের চাপ ও মানসিক হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের
কালিয়াকৈরে মুড়ি কারখানার মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার, ঋণের চাপে আত্মহত্যার অভিযোগ
- আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

শাকিল হোসেন|কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মো. আলাল উদ্দিন (৪০) নামে এক মুড়ি কারখানার মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়া নগর গ্রামের একটি আম গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. আলাল উদ্দিন নয়া নগর গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় বাড়ির পাশের একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত আলাল উদ্দিন বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, আর্থিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।














