যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযান; ২০ কেজি গাঁজা, শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার
যশোর সীমান্তে ৫ লাখ ২৬ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট সময় : ০২:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

যশোর, ৩০ আগস্ট ২০২৬: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ৩ প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















