বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযান; শাড়ি, কম্বল, কসমেটিকসসহ আটক মালামালের মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা
বেনাপোল সীমান্তে ৭৫ ভারতীয় শাড়িসহ সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক
- আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

যশোর | ২৮ আগস্ট ২০২৬ঃ যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৭৫টি শাড়ি, কম্বল, চকলেট, ফুসকা, জিরা, কিসমিস ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী।
শুক্রবার (২৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
অভিযানে যেসব মালামাল আটকঃ বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, ৩টি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুসকা, ২ কেজি জিরা, ২৪ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৩৭৯টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
আটককৃত এসব ভারতীয় চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
সীমান্তে বিজিবির নজরদারি জোরদারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল ও অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
অধিনায়কের বক্তব্যঃ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।














