পেশাদার পুলিশিং, জনমুখী সেবা ও অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদারের প্রত্যয় নবনিযুক্ত ডিআইজির
রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ আবদুল মাবুদ
- আপডেট সময় : ০৯:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

রংপুর, ২৭ আগস্ট ২০২৬: বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর রেঞ্জ কার্যালয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (চলতি দায়িত্বে) জনাব শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) জনাব বি. এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইলিয়াছ হোসেন, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মো. নূরুজ্জামান চৌধূরী।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি পেশাদার পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করা এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
নতুন দায়িত্বে রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়েছে।














