মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক অপরাধ মোকাবিলায় প্রশিক্ষিত সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ
চর রাজিবপুরে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ৫৯ আনসার-ভিডিপি সদস্য
- আপডেট সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

রাজিবপুর (কুড়িগ্রাম) | ২৭ আগস্ট ২০২৬: কুড়িগ্রামের চর রাজিবপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৯ সদস্যের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সায়েকুল হাসান খান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট উপজেলার বি এম কলেজ কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
এ প্রশিক্ষণে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৩০ জন পুরুষ ও ২৯ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, শৃঙ্খলা, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয়সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সমাপনী দিনে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে তিনজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় হন জাহিদ হাসান খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেন লিমা।
প্রশিক্ষণের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা প্রশিক্ষিকা মোছা. মমতাজ, প্রশিক্ষক মো. মেহেদী হাসান (শান্ত), উপজেলা কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলাম এবং দলনেতা-দলনেত্রীবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে তৌফিকুল আল জুবায়েলসহ আনসার-ভিডিপির সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।














