উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার মধ্যে ‘এফবি আল আমিন’ বোটটি উদ্ধার; হিরণ পয়েন্টে কোস্টগার্ডের কাছে হস্তান্তর
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- আপডেট সময় : ০১:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’সহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উত্তাল সাগর ও বৈরী আবহাওয়ার মধ্যে অভিযান চালিয়ে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ তাদের উদ্ধার করে। পরে বোটসহ জেলেদের সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত রোববার (২৩ আগস্ট) রাতে নিয়মিত টহল পরিচালনার সময় ‘বানৌজা কপোতাক্ষ’ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোটের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার খবর পায়। খবর পাওয়ার পরপরই রাতেই উদ্ধার কার্যক্রম শুরু করে নৌবাহিনীর জাহাজটি।
পরদিন সোমবার (২৪ আগস্ট) সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছাকাছি এলাকায় ‘এফবি আল আমিন’ বোটটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান বোটটি থেকে ১৬ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সমুদ্রে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
এরপর প্রায় তিন দিন তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন।
পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনী জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ বোটটিকে টেনে (টোয়িং) সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোটসহ উদ্ধার হওয়া ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনা করে। বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত শনাক্ত করে উদ্ধার এবং নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার এ অভিযান নৌবাহিনীর নিয়মিত উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমের অংশ।














