মঈন খান, আন্দালিব পার্থ ও সাচিং প্রু জেরী মন্ত্রী এবং শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হতে পারেন
মন্ত্রিসভায় রদবদলের আভাস, যুক্ত হচ্ছেন নতুন ৪ সদস্য
- আপডেট সময় : ০৫:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চার সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে জানা গেছে।
মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া নতুন চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
ড. আবদুল মঈন খানকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে বলে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন। অন্যদিকে সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিও নতুন সদস্যদের শপথের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ফলে শুক্রবার রাতে শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও রদবদল হতে পারে। বিমান, খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনার কথা জানা গেছে।
ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে।














