ক্রিলাইপাড়া চেকপোস্টে স্বেচ্ছায় আত্মসমর্পণের পর বিজিবির হেফাজতে নেওয়া হয়; প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয়
বিজিবির হেফাজতে মিয়ানমারের ১৪ নাগরিক, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা
- আপডেট সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দেশটির ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) রাতে আটক ব্যক্তিদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ৫৭-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার মিয়ানমারের ওই ১৪ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়ে ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তারা বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলীকদম বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী একটি উপজেলা। মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বিজিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ।














