কৃষকদের ন্যায্যমূল্যে সময়মতো সার নিশ্চিতের উদ্যোগ; অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
কৃত্রিম সার সংকট রুখতে রুহিয়ায় ইউএনও’র বিশেষ মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রুহিয়া, ঠাকুরগাঁও | ১৬ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং কৃত্রিম সার সংকট রোধে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রুহিয়ার অস্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলাররা অংশ নেন।
সভায় রুহিয়া এলাকার সার সরবরাহ, কৃষকদের চাহিদা, ডিলারদের কার্যক্রম এবং সার নিয়ে সম্ভাব্য কৃত্রিম সংকট তৈরির বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঙ্গী সরকার শান্তা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। এছাড়া রুহিয়া এলাকার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত ডিলাররাও সভায় অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, “বর্তমান মৌসুমে কোনো অবস্থাতেই কৃত্রিম সার সংকট তৈরি হতে দেওয়া হবে না। প্রকৃত ও উপযুক্ত কৃষক যাতে ন্যায্যমূল্যে সঠিক সময়ে সার পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, কেউ যদি অসৎ উদ্দেশ্যে সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ কৃষি মৌসুমে সার সরবরাহে অনিয়ম, অবৈধ মজুদ কিংবা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠলে সরাসরি ক্ষতিগ্রস্ত হন কৃষকরা। তাই মাঠপর্যায়ে সার বিতরণ ব্যবস্থায় নজরদারি ও সমন্বয় জোরদারের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে সঠিকভাবে সার বিতরণ করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। প্রশাসনের পক্ষ থেকে সার নিয়ে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।














