রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী ক্যাম্পে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমা পেলেন রোগীরা; বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ
রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৪০০ রোগী, বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ
- আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ৪০০ রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন।
ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। রুহিয়া প্রগতি সংঘ ক্লাবের সৌজন্যে ও সার্বিক চিকিৎসাসেবার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা করেন এবং বিভিন্ন ধরনের চক্ষু সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ দেন।
ক্যাম্পে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য ছানি রোগীদেরও শনাক্ত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনের মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এছাড়া অস্ত্রোপচারের পর রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়ার পাশাপাশি যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।
চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মধ্যে অনেকেই দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের। বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে যারা নিয়মিত চোখের চিকিৎসা করাতে পারেন না, এ ধরনের ক্যাম্প তাদের জন্য বিশেষভাবে উপকারী।
আয়োজকদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবাগ্রহীতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও রুহিয়া ও আশপাশের এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।














