মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-চাঁদাবাজি ও কিশোর অপরাধ দমনে জোর
- আপডেট সময় : ০৭:৩৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক, চুরি-ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
তিনি মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভূমি সেবা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান এবং চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার চার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাজার ব্যবস্থাপনা, ট্রাফিক শৃঙ্খলা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানান।
সভা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।




















