মোবাইল ফোনে পরিচয় গোপন করে ইট ব্যবসায়ীদের বিশ্বাস অর্জনের অভিযোগ; নরসিংদী থেকে গ্রেফতারের পর উদ্ধার ১ লাখ ৮৭ হাজার টাকা
প্রতারণার অভিযোগে গ্রেফতার ফারুক, উদ্ধার আত্মসাৎ করা টাকা
- আপডেট সময় : ১০:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে প্রতারণার মাধ্যমে ইট ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আত্মসাৎ করা পুরো ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হরিরামপুর থানা পুলিশ।
গ্রেফতার ফারুক হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ফারুক হোসেন নিজেকে ‘শাহীন’ পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। কথাবার্তার একপর্যায়ে তিনি তাদের বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান।
পরে ইটের মালিকানা দাবি করে কৌশলে ইট বিক্রির মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ আগস্ট) হরিরামপুর থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে ঢাকার বিভিন্ন এলাকা ও নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর ফারুক হোসেনের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এতে আত্মসাৎ করা মোট ১ লাখ ৮৭ হাজার টাকাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, গ্রেফতার ফারুক হোসেন একজন পেশাদার প্রতারক। তিনি দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, গ্রেফতার ফারুক হোসেনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রতারণার অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও যাচাই করা হচ্ছে।














