ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চুরির ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করার পর জিজ্ঞাসাবাদে চক্রের আরও এক সদস্যের সন্ধান; উদ্ধার ৮ মোটর, ১৫ চার্জারসহ বিভিন্ন যন্ত্রাংশ
ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার অভিযানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ঠাকুরগাঁও পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার উত্তর হাজীপাড়ার মিথিলা হোটেলের সামনে ইজিবাইক রেখে খাবার খেতে যান চালক আব্দুল কাদের। এ সুযোগে চোর চক্রের সদস্য ফেরদৌস (২৪) ও রাজা (২৪) ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে চালক ও স্থানীয়রা ইজিবাইকসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করেন।
পরে এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একই চক্র গত ২৩ জুলাই ঠাকুরগাঁও শহরের বলাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে আরও একটি ইজিবাইক চুরি করেছিল। চুরি হওয়া ইজিবাইকটি দিনাজপুরের বোচাগঞ্জ থানার এলাকার বাসিন্দা ফজল (৫৫)-এর কাছে বিক্রি করা হয় বলে পুলিশ জানতে পারে।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল দিনাজপুরের বোচাগঞ্জ থানার রেলকলোনি পাড়ায় অভিযান চালায়। অভিযানে ফজলকে গ্রেপ্তার করা হয়।
পরে ফজলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—৮টি ইজিবাইকের মোটর, ১৫টি চার্জার, ১০টি কন্ট্রোলার, ২০টি চাবি-মিটার, অটোচার্জার গাড়ির হুক, গাড়ি খোলার সরঞ্জামসহ বিভিন্ন যন্ত্রাংশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ফজল দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কম দামে কিনে সেগুলো খুলে আলাদা আলাদা যন্ত্রাংশ হিসেবে বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও চুরি ও দস্যুতাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাশাপাশি মোটরসাইকেল বা ইজিবাইক চুরি সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।














