পাঁচবিবিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
পাঁচবিবিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-চুরি ও কিশোর গ্যাং দমনে জোরালো পদক্ষেপের আহ্বান
- আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

জয়পুরহাট | ৩০ জুলাই ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী (আবু), ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, আটাপাড়া ও কড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পাঁচবিবি গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।





















