অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুট; তদন্তে পুলিশ
চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
- আপডেট সময় : ০৩:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মনসা বাদামতলা এলাকায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০-২৫ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী আব্বাস মিয়া জানান, তার মেয়ে চিৎকার করলে তিনি ঘুম থেকে উঠে দেখেন ৩-৪ জন অস্ত্রধারী ডাকাত তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি কক্ষে বসিয়ে রাখে। পরে তারা ঘরের চাবি নিয়ে আলমারি খুলে প্রায় ৩ ভরি স্বর্ণ এবং তার স্ত্রীর ১ ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।
বেড়াতে আসা তার মেয়ে নাসরিন সুলতানা জানান, দুইজন ডাকাত তার মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণ, একটি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন এবং নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা লুট করে। এ সময় ডাকাতরা পরিবারের সবাইকে একটি কক্ষে জিম্মি করে রাখে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল প্রায় ৯ থেকে ১০ জন। তারা এলাকার একটি মসজিদের মুয়াজ্জিনকেও অস্ত্রের মুখে আটকে রাখে। ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চিৎকার দিলে আতঙ্ক সৃষ্টি করতে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।।
এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ ধারণা প্রকাশ করেছেন যে, ডাকাত দলের সঙ্গে এলাকার কিছু ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।














