কচুয়ার শিক্ষক সমাবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, এনটিআরসিএ নিয়োগ ও এসএসসি প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চান শিক্ষামন্ত্রী, দিলেন একাধিক নির্দেশনা
- আপডেট সময় : ১২:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর করতে স্কুলের নির্ধারিত সময়ের আগে ও পরে বিশেষ ক্লাস চালুর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী এ. এন. এম. এহছানুল হক মিলন। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং দীর্ঘদিনের শূন্য পদ দ্রুত পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যালয়ের নির্ধারিত পাঠদানের পাশাপাশি অতিরিক্ত বিশেষ ক্লাস চালু করা হলে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণ হবে এবং কোচিংয়ের ওপর নির্ভরতা কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে এলাকার অভিজ্ঞ, দক্ষ ও অবসরপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষকদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি
তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক অপরিহার্য। এজন্য শিক্ষকদের নিয়মিত ও বাধ্যতামূলক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খালি থাকা শিক্ষক পদ দ্রুত পূরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বিদ্যালয়ে নিয়োগের জন্য গেলে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদকে নিয়ম অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ে প্রতিষ্ঠান পর্যায়ে আগাম মডেল টেস্ট আয়োজন করা প্রয়োজন। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়নের জন্য আলাদা কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।
তিনি শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধ করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্কৃতি, খেলাধুলা ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। এতে শিক্ষার্থীরা মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।
মনোহরপুর উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ খোরশেদ আলম মান্নান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় কচুয়া উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজারের বেশি শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর মানোন্নয়ন এবং বিদ্যালয়ভিত্তিক কার্যকর পাঠদানের পরিবেশ তৈরির বিষয়ে সভায় আলোচনা করা হয়।














