পর্তুগাল থেকে দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক ইউপি চেয়ারম্যান, উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত
পর্তুগাল থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন, ওসমানী বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ইউরোপের দেশ পর্তুগালে অবস্থানের পর দেশে ফিরেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান খাজাঞ্চী ইউনিয়নের বাসিন্দা, বিশ্বনাথ উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
বিমানবন্দরে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং স্লোগানে মুখরিত পরিবেশে শুভেচ্ছা জানান। পরে একটি মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে তাকে নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, তালুকদার মো. গিয়াস উদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। দীর্ঘদিন পর দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, “এলাকাবাসীর আন্তরিক ভালোবাসায় আমি অভিভূত। প্রিয় মাতৃভূমি এবং খাজাঞ্চী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, তা আমি এবং আমার পরিবার সবসময় স্মরণে রাখব।”
তিনি আরও বলেন, “আমি জননেতা এম. ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমরা এখনো তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছি। বিশ্বনাথ-ওসমানীনগর ও খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন ছিল তার স্বপ্ন। দীর্ঘদিন সেই উন্নয়ন বাধাগ্রস্ত ছিল। বর্তমানে নতুন রাজনৈতিক বাস্তবতায় উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “দল এবং সংশ্লিষ্ট নেতৃত্ব যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হয়ে দেশে ফিরেছি। তরুণ প্রজন্ম ও প্রবীণদের সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
সংবর্ধনা অনুষ্ঠানে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।





















