বরুড়ার ঝলম-আড্ডা সড়কে কাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ২০১৭ সালের মামলায় আদালতের রায়
সিগারেটের টাকা লুটের মামলায় কুমিল্লায় পাঁচ ডাকাতের কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার চাঞ্চল্যকর এক ডাকাতি মামলায় পাঁচ আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজন আসামিকে সাত বছর এবং অপর চারজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তরা হলেন বরুড়া উপজেলার মহিদপুর গ্রামের মো. বাবুল মিয়া, জয়নাল আবেদীন ওরফে জনু, মিজান (পলাতক), ঝলম গ্রামের মো. আব্দুল মালেক এবং ওয়াশকুরুনী (পলাতক)।
আদালতের আদেশ অনুযায়ী, মো. বাবুল মিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ মে বিকেলে বরুড়া উপজেলার ঝলম-আড্ডা সড়কে একটি কাভার্ড ভ্যানের পথরোধ করে সশস্ত্র ডাকাত দল। এ সময় তারা চালককে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে ডাকাতরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সিগারেট বিক্রির ৩ লাখ ৩৫ হাজার ৯৬৯ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোম্পানির সেলস ম্যানেজার কবির হোসেন বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হলেও তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া।














