জামালখান প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিমন্ত্রী; সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জামালখান প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকদের একাংশ।

চট্টগ্রাম | ১২ জুলাই ২০২৬:
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার (বিএসইউএস)-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি। তিনি নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফোরকান সিকদার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মুমিনুর রশিদ শাহীন এবং মহাসচিব কামরুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসীমউদ্দীন, রোটারিয়ান এস এম আজিজ, সাখাওয়াত হোসেনসহ চট্টগ্রাম ও ঢাকা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যারা নালা-নর্দমা ও খাল দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাতকানিয়া, চকরিয়া ও অন্যান্য বন্যাকবলিত এলাকার মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদ বলেন, “বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা, নৈতিকতা এবং জনকল্যাণে কাজ করার নতুন অঙ্গীকার। আমরা চাই এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী এবং সাংবাদিকদের কল্যাণে নিবেদিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।



















