নিয়মিত বিশেষ অভিযান, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি ও জনআস্থা বৃদ্ধিতে প্রশংসিত কাশিয়ানী থানা পুলিশ
অপরাধ দমনে সক্রিয় কাশিয়ানী থানা: জেলার শ্রেষ্ঠ ওসি ও আইজিপি ব্যাজপ্রাপ্ত মাহফুজুর রহমান আলোচনায়
- আপডেট সময় : ০৬:৫৮:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে পুলিশের সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। হত্যা, মাদক, চুরি ও অন্যান্য আলোচিত মামলার তদন্তে অগ্রগতি এবং ধারাবাহিক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের ঘটনায় কাশিয়ানী থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, অপরাধীদের শনাক্তকরণ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে কাশিয়ানী থানা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এসব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। এছাড়া পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পেশাগত দক্ষতা, সেবার মান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি ব্যাজ অর্জন করেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে কাশিয়ানী উপজেলায় পুলিশের টহল, অপরাধবিরোধী অভিযান এবং বিভিন্ন ঘটনার দ্রুত তদন্ত কার্যক্রম দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও পুলিশের প্রতি আস্থা আগের তুলনায় বেড়েছে। তবে এই ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাশিয়ানী থানা পুলিশ কাজ করছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত অভিযান, দ্রুত তদন্ত, অপরাধ দমনে কঠোর অবস্থান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের কারণে কাশিয়ানী থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে














