উপজেলা হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপকারভোগীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ
ভোলাহাটে এমপি ড. মু. মিজানুর রহমানের প্রতিষ্ঠান পরিদর্শন, গরীব-অসহায় ও শিক্ষা প্রতিষ্ঠানে ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ
- আপডেট সময় : ১০:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বৃহস্পতিবার (২ জুলাই) ভোলাহাট উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় গরীব-অসহায় মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আছহাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন ক্বারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।














