স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন, ওষুধ সরবরাহ ও অ্যাম্বুলেন্স সেবা উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুর | ২ জুলাই ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জনবল সংকট নিরসন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণ, হাসপাতালের ওয়ার্ডগুলোর পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা সময়ের দাবি।
এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ দ্রুত পূরণ, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও জনবান্ধব, আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।




















