ফুটবল খেলায় সংঘর্ষের জেরে বাড়িতে হামলা ও নগদ টাকা লুটের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
সালথায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; অভিযুক্ত মুফতি শফিকুল ইসলাম অস্বীকার
- আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

সালথা, ফরিদপুর | ১৯ জুন ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেল ৬টার দিকে ছোট বাহিরদিয়া মাদ্রাসা মাঠে ফুটবল খেলার সময় অভিযোগকারীর ছেলে ছিয়াম মোল্যা (১৯) এবং একই গ্রামের মুফতি শফিকুল ইসলামের ছেলে মুসার মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে বাহিরদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি ইমরান হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন এবং উভয় পক্ষকে বাড়ি পাঠিয়ে দেন।
তবে অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে মুফতি শফিকুল ইসলাম, টোকন মাতুব্বর, রাসেল, মুসা, ইছা মাতুব্বর, নাজমুল, বক্কার, ফারুক মীর, টুটুল মাতুব্বর, জয়নাল ও হুমায়ুনসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অভিযোগকারীর বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বসতঘরের দরজা, জানালা ও টিনের বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এতে প্রায় ২ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘরের সিন্দুকে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মুফতি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমি হামলা কিংবা মারামারির বিষয়ে কিছুই জানি না। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, রাজাপুর মাদ্রাসায় ছিলাম। পরে শুনেছি মাঠে একটি ঘটনা ঘটেছে। আমি কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নই।”
অপরদিকে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার ঘটনার কথা শুনেছি। এখনও কোনো লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





















