ফেসবুক ও মেসেঞ্জারে পরিচয়ের পর দুই পরিবারের সম্মতিতে একই মঞ্চে সম্পন্ন হলো জমজ দুই ভাই ও জমজ দুই বোনের বিয়ে
ফেসবুকে পরিচয়, টাঙ্গাইলে জমজ দুই ভাই ও জমজ দুই বোনের ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন
- আপডেট সময় : ০৮:১৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল | ১৭ জুন ২০২৬: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ব্যতিক্রমী ও বিরল এক আয়োজনের মধ্য দিয়ে জমজ দুই বোনের সঙ্গে জমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দুই পরিবারের সম্মতিতে এই অনন্য বিয়ের আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের জমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার লতা ও সোনিয়া আক্তার পাতার সঙ্গে লক্ষীপুর উপজেলার রাজিবপুর গ্রামের মো. নুরুল আলমের জমজ দুই ছেলে মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বারের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের আলোচনা ও পারিবারিক সমঝোতার পর একই মঞ্চে দুই জোড়া নবদম্পতির বিয়ের আয়োজন করা হয়। কনের বাবা শফিকুল ইসলামের দুই মেয়ের প্রত্যেকের কাবিন নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।
বরপক্ষের দুই ভাই বর্তমানে দুবাই প্রবাসী। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা এই দুই ভাই ভবিষ্যত জীবনসঙ্গী হিসেবেও জমজ দুই বোনকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। পরে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে তথ্য আদান-প্রদানের এক পর্যায়ে জমজ দুই বোনের সন্ধান পান এবং উভয় পরিবারের সম্মতিতে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়।
নবদম্পতিদের মধ্যে মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার লতা এবং মো. আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তার পাতার বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ অনুষ্ঠানে যোগ দেন। আনন্দ-উৎসব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় চারজনের বিয়ের আনুষ্ঠানিকতা।
জমজ দুই ভাই বলেন, “আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি। লেখাপড়া শেষ করে বর্তমানে প্রবাসে কর্মরত আছি। আমাদের ইচ্ছা ছিল জমজ দুই বোনকে বিয়ে করার। ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে পরিচয়ের সূত্রে আমরা তাদের খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, দুই পরিবার ও দুই বোনের সম্মতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমরা খুবই আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবদম্পতিদের শুভেচ্ছা জানান এবং তাদের সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের কামনা করেন। এলাকাবাসীর মতে, জমজ দুই ভাই ও জমজ দুই বোনের মধ্যে এ ধরনের বিয়ে অত্যন্ত বিরল ঘটনা। ফলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।





















