প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ডবলমুরিং, কর্ণফুলি, খুলশী ও চকবাজার থানাসহ বিভিন্ন ইউনিটে নতুন পদায়ন
সিএমপিতে বড় রদবদল: ৫ থানায় নতুন ওসি, বদলি ৮ পুলিশ পরিদর্শক
- আপডেট সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম | ১৬ জুন ২০২৬ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ব্যাপক রদবদল করেছে। এ রদবদলের আওতায় পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন দায়িত্ব প্রদান ও বদলি করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন ও বদলির নির্দেশনা জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন খানকে সিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড স্পেশালাইজড ক্রাইম (সিটিএসবি) ইউনিটে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কর্ণফুলি থানার ওসি শাহীনূর আলম।
কর্ণফুলি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।
অন্যদিকে, খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থানে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে।
একই আদেশে চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। তার স্থানে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপি সূত্র জানিয়েছে, নগর পুলিশের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই রদবদল কার্যকর করা হয়েছে।
পুলিশ প্রশাসনের এই পদক্ষেপের ফলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।














