শ্রীনদী মিরাকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার পিকআপ ভ্যান, চাইনিজ কুড়াল ও লোহার কাটার
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেপ্তার ২ ডাকাত, উদ্ধার পিকআপ ও দেশীয় অস্ত্র
- আপডেট সময় : ১০:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মাদারীপুর | ১৫ জুন ২০২৬ : মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদারীপুর সদর থানার মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনের পাকা সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাচিবুল হাসান জসিম মোল্লা (৩০), পিতা হারেজ মোল্লা, সাং মীরাকান্দি, থানা সালথা, জেলা ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা মুন্নাফ শেখ, সাং পশ্চিম গঙ্গাবদ্দী, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি পিকআপ ভ্যান আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-৫০, তারিখ ১৪ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।





















