সাংবাদিকতা, সমাজসেবা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে কীর্তিপাশা ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রেজাউল হাসান মুন্না
কীর্তিপাশা ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাংবাদিক ও সমাজসেবক রেজাউল হাসান মুন্না
- আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৩১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর | ১১ জুন ২০২৬ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে নির্বাচনী আলোচনা জোরালো হতে শুরু করেছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রেজাউল হাসান মুন্না।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে আসছেন এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রেজাউল হাসান মুন্না ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাসিন্দা। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ও সাংবাদিক। পাশাপাশি মানবাধিকার কর্মী এবং সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিতি লাভ করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং কীর্তিপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে স্থানীয় রাজনীতিতে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ।
করোনাভাইরাস মহামারির সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার কারণে তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে রেজাউল হাসান মুন্না বলেন, “দীর্ঘদিন ধরে কীর্তিপাশার মানুষের পাশে থেকে কাজ করেছি। এলাকাবাসীর অনুরোধ ও সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কীর্তিপাশাকে একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও ডিজিটাল মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবো। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে।”
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি, তবুও কীর্তিপাশা ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রেজাউল হাসান মুন্না অন্যতম আলোচিত নাম হিসেবে উঠে এসেছেন।



















