প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ; মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ
চিতলমারীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারী উপজেলায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন দুপুর প্রায় ২টার দিকে ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত পরিমল ভক্তের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত না থাকার সুযোগে অভিযুক্ত শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
গ্রেফতারকৃত পরিমল ভক্ত চিতলমারী উপজেলার ঝালডাঙ্গা গ্রামের গিরিশ ভক্তের ছেলে।
চিতলমারী থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া বেগম বলেন, “ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














