গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারে তল্লাশি, মাদকসহ ব্যবসায়ী আটক
কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা | ২৬ মে ২০২৬: কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় হোমনা থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মো. গিয়াস উদ্দিন (৩৮) দাউদকান্দি উপজেলার ভাজরা সরকার বাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হোমনা-টু-মেঘনা সড়কের মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় নিরঞ্জন শীলের বাড়ির সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।














