ডিজিটাল ভূমি সেবা, খাজনা পরিশোধ, ই-নামজারি ও গণশুনানিতে জনসেবার নতুন দিগন্ত
লোহাগাড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ
- আপডেট সময় : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

লোহাগাড়া,চট্টগ্রাম | ১৯ মে ২০২৬ : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ডিজিটালাইজেশন ও জনসেবার মান আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ভূমি মন্ত্রণালয়-এর সার্বিক নির্দেশনায় এবং উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালি, বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মাধ্যমে মেলার শুভ সূচনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে, যাতে ভূমি সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষ হয়রানি, দালালচক্র বা দীর্ঘসূত্রতার শিকার না হন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, সাব-রেজিস্ট্রার আরিফুর রহমান, খাদ্য অফিসার আবদুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন নাজির শাহেদ হোসেন, সার্ভেয়ার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কানুনগো নুরে আলম, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান আকতার, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ আলম, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম রেজা, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটি সভাপতি এম হোসাইন মেহেদীসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় নাগরিকরা একসাথে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর (খাজনা) অনলাইনে পরিশোধ, নতুন হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারি আবেদন দাখিল ও দ্রুত নিষ্পত্তি, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি, মৌজাম্যাপ সংক্রান্ত আবেদন গ্রহণ ও ডাক বিভাগের মাধ্যমে সরবরাহসহ নানা গুরুত্বপূর্ণ সেবা।
এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে বিতরণ এবং গণশুনানির মাধ্যমে ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় জনআস্থা বৃদ্ধি পাবে এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।





















