নতুন কমিটি নিয়ে ক্ষোভ, ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগে উত্তাল কিশোরগঞ্জ ছাত্রদল
কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ: নতুন কমিটি বাতিলের দাবিতে উত্তাল রাজপথ
- আপডেট সময় : ১০:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ। (৪ মে) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ তৈরি করা হয়েছে। তারা পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের বিরুদ্ধে এই কমিটি প্রভাবিত করার অভিযোগ তুলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
জানা গেছে, গত ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করে। এর পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে গত বছরের ১৫ মে ঘোষিত কমিটি ২০ দিনের মাথায় স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণার সময় আগের কমিটির সাধারণ সম্পাদক রেদোয়ানুর রহমান ওয়াকিউরকে বাদ দেওয়ায় দলের ভেতরে বিতর্ক তৈরি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের উপেক্ষা করে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ বলেন, “দলের ভেতরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। আমাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। পরিকল্পিতভাবে যোগ্য নেতাদের বাদ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় রাজপথে সক্রিয় ছিলাম। অথচ যারা আন্দোলনে ছিল না, তারাই আজ নেতৃত্বে এসেছে। এই অবিচারের জবাব আমরা চাই।”
সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা বলেন, দলের তৃণমূল কর্মীদের মূল্যায়নের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
বিক্ষোভকারীরা অবিলম্বে নতুন কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।






















