হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবি
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, গ্রেপ্তারের আল্টিমেটাম
- আপডেট সময় : ১০:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ঢাকা | ২১ এপ্রিল ২০২৬:
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি,কে বাড়ি এলাকায় সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন বাচ্চু’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অভিযোগ অনুযায়ী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মো. জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খানসহ আরও অনেকে।
এছাড়া সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সদস্য মামুন আহমদ ফিরোজসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে থাকলে তা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।






















