ঘুষের টাকা পুনরায় দাবি, অস্বীকৃতিতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে লাঞ্ছিত—ইউএনওর কাছে লিখিত অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুষের টাকা না পেয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঘুষের টাকা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন মোল্লা একটি সড়ক নির্মাণ প্রকল্পের বিল সংক্রান্ত কাজে বৃহস্পতিবার দুপুরে পিআইও অফিসে যান। এ সময় পিআইও আব্দুল জব্বার তার কাছে ঘুষ হিসেবে ২০ হাজার টাকা দাবি করেন।
ভুক্তভোগী ইউপি সদস্যের দাবি, তিনি পূর্বে কাজের বিল উত্তোলনের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। তবে বিল পাস না করে পুনরায় আরও টাকা দাবি করা হলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে পিআইও আব্দুল জব্বার প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিআইও ওই ইউপি সদস্যের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন এবং তাকে মারধর করেন। পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর ভুক্তভোগী ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমি সঠিকভাবে কাজ সম্পন্ন করেও ঘুষ দিতে বাধ্য হয়েছি। এরপরও আবার টাকা দাবি করলে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করা হয়। একজন জনপ্রতিনিধি হিসেবে এটি অত্যন্ত অপমানজনক।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















