ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘদিনের দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান
কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযান: ৪০০ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সওজ
- আপডেট সময় : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। অভিযানে প্রায় ৪০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন সওজ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, মহাসড়কের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা গেছে, মোকাম ইউনিয়নের নিমসার পাইকারি বাজারকে ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, সওজের জায়গা দখল করে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এসব ভাসমান দোকান থেকে ভাড়া আদায় করে আসছিল।
প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সবজি, ফলমূল ও কৃষিপণ্য নিয়ে এই বাজারে আসেন। ফলে মহাসড়কের দুই পাশে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক সময় উল্টো পথে গাড়ি চলাচল ও সড়কের ওপর মালামাল ওঠানামার কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো।
সম্প্রতি নিমসার এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর জহিরুল ইসলাম ও মেহেরপুরের সোহেল রানা নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।
এর আগে গত ১৫ মার্চ সওজের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৩০ মার্চ এলাকায় মাইকিং করে দখলদারদের সতর্ক করা হলেও অধিকাংশ ব্যবসায়ী নির্দেশনা অমান্য করেন।
উল্লেখ্য, পূর্বে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কার্যকর অভিযান না হওয়ায় অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে এবার বড় পরিসরে উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।






















