১৫টির মধ্যে ১৩ পদে জয় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের, নিরপেক্ষ প্যানেলের দখলে ২ পদ
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭: বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয়, ১৫টির মধ্যে ১৩ পদে বিজয়
- আপডেট সময় : ০৭:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫টি পদের মধ্যে তারা ১৩টি পদে জয়লাভ করে প্রাধান্য প্রতিষ্ঠা করে। অপরদিকে নিরপেক্ষ (স্বতন্ত্র) প্যানেল ২টি পদে বিজয়ী হয়েছে।
নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সদস্যবৃন্দের স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী জানা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ সহিদ উল্লাহ ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী পেয়েছেন ৩৪৯ ভোট।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন ৬৫৭ ভোট এবং অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার ৫৭৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার ৭১০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান) পেয়েছেন ৩৬৯ ভোট।
ট্রেজারার পদে অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। লাইব্রেরি সেক্রেটারি পদে অ্যাডভোকেট আবুল কাশেম (কমল) ৬১২ ভোট এবং এনরোলমেন্ট সেক্রেটারি পদে অ্যাডভোকেট শাহজাহান ভূঁইয়া ৬৬৫ ভোট পেয়ে জয়লাভ করেন। রিক্রিয়েশন সেক্রেটারি পদে অ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) ৫৯০ ভোট পান।
কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আবুল হাসনাত হিমেল সর্বোচ্চ ৮৮২ ভোট পেয়ে প্রথম হন। এছাড়া বেলাল হোসেন, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন ও লোকমান হোসেন পর্যায়ক্রমে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৬৯১ ভোট এবং আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,২৮৭ জন ভোটারের মধ্যে ১,২৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩টি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।






















