উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের আওতায় কৃষকদের সহায়তা
সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন, ১৩০০ কৃষক পেলেন সহায়তা
- আপডেট সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
ফরিদপুরের সালথা উপজেলায় পাটচাষিদের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথা-এর আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প” এর আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপজেলার মোট ১ হাজার ৩ শত পাটচাষির মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে আজ ১ হাজার ৩ শত কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১ হাজার ৭ শত পাটচাষির মাঝেও বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হবে।
তিনি আরও জানান, কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট উৎপাদন বাড়ানো এবং পাট চাষে উৎসাহিত করতেই সরকারের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে পাটের উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।














