বিয়ের ২৪ দিনের মাথায় নগরকান্দায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নগরকান্দায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: বিয়ের ২৪ দিনের মাথায় স্বপ্না বেগমের রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় স্বপ্না বেগম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা
শনিবার (১৪ মার্চ) সকালে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত স্বপ্না বেগম ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। প্রায় ২৪ দিন আগে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর (২০)-এর সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতের কোনো এক সময় স্বপ্না বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে শনিবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সার্কেল কর্মকর্তা মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী খায়ের মাতুব্বর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মরদেহের শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা গেছে। তবে সেগুলো আঘাতের চিহ্ন কি না তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মা হালিমা বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। গতকাল রাতে জামাইয়ের মোবাইলে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা হান্নান মোল্লা বলেন, “আমার মেয়েকে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।






















